মান ঠিক রেখেই হোয়াটসঅ্যাপে ছবি শেয়ারিং আসছে
শুধুমাত্র মেসেজ আদানপ্রদানের জন্যই নয়, বর্তমানে বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপ ব্যবহৃত হয়। কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠানো থেকে শুরু করে ছবি কিংবা ভিডিও, যেকোনো মিডিয়া ফাইল ট্রান্সফারের ক্ষেত্রেই ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের দ্বারস্থ হন।
তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে কোনো ছবি পাঠালে তা স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসড হয়ে যাওয়ায় সেটির মান অনেক কমে যায়। ছবি বা ভিডিও শেয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে প্রায় ৭০ শতাংশ রেজ্যুলিউশন কমিয়ে দেয়। সেক্ষেত্রে ভালো ক্যামেরা দিয়ে ছবি তোলা সম্পূর্ণভাবে নিরর্থক হয়ে দাঁড়ায়।
এই সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপ আগামী দিনে একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছে। যার ফলে ছবির গুণমান কোনোভাবে নষ্ট না করেই অরিজিনাল কোয়ালিটিতে কাউকে যেকোনো ছবি পাঠাতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার ডব্লিউএবেটাইনফোর একটি রিপোর্টে সম্প্রতি এই খবরটি প্রকাশ্যে এসেছে। আসন্ন ফিচারটির একটি স্ক্রিনশট শেয়ার করে জানানো হয়েছে, নতুন ফিচারের মাধ্যমে কোনো ছবি শেয়ার করার সময় ফটো কোয়ালিটি সেট করার জন্য সেটিংস এর একটি আইকন দেখা যাবে, যেটিকে কাজে লাগিয়ে কোনো ছবির গুণমান নষ্ট না করেই সেটি কাউকে পাঠাতে সক্ষম হবেন ইউজাররা।
ডিবিটেক/বিএমটি





